
বাগেরহাটের চিতলমারীতে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এবং ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় দুই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। ম্যাচ উপভোগ করতে দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উত্তেজনাপূর্ণ খেলায় বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী, জেলা বিএনপির অন্যতম সদস্য, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, বর্তমান উপজেলা মহিলা দলের আহ্বায়ক ও বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুনা গাজী, চিতলমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক শেখ, চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা এডভোকেট বলাইচাদ বিশ্বাস, হিজলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী হিরন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খেলা শেষে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট রুনা গাজীর নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।
এছাড়াও দুই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য, ছাত্র-ছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের প্রীতি ম্যাচের মাধ্যমে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।