
সেবার মানসিকতা ও শৃঙ্খলার বার্তা নিয়ে চেয়ারম্যান পদে মেহমুদ মিলন
চিতলমারী প্রতিনিধি| মো:আজাদ খান
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের চিতলমারী উপজেলার ১ নম্বর বড়বাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন সৈয়দ মুফতি মেহমুদ (মিলন)।
সৈয়দ মুফতি মেহমুদ (মিলন) বড়বাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, চিতলমারী উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, চিতলমারী উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বর্তমানে একই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি সাবেক সংসদ সদস্য মরহুম মুজাহিদুর রহমানের ভ্রাতুষ্পুত্র এবং বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ নুরুল হকের দৌহিত্র।
এলাকাবাসীর দীর্ঘদিনের ভালোবাসা, উৎসাহ ও অনুপ্রেরণায় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মেহমুদ মিলন।
তিনি বলেন, একজন সাধারণ পরিবারের সন্তান হিসেবে মানুষের সেবা করার প্রত্যয় নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচিত হলে ১ নম্বর বড়বাড়িয়া ইউনিয়নকে আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
পাশাপাশি সরকারি সহায়তা, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নাগরিক সুবিধা কোনো ধরনের বৈষম্য ছাড়াই মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মেহমুদ মিলন এলাকাবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।
নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনেরও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।