
চন্দ্রগঞ্জে ‘সোনালী ব্রিক ফিল্ড’ পুনরায় চালুর প্রস্তুতি, অনুমোদন নিয়ে প্রশ্ন..
চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি : রাফিউর রহমান
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ৬নং চরশাহী ইউনিয়নের নুরুল্যাপুর গ্রামে দীর্ঘদিন পরিত্যক্ত ‘সোনালী ব্রিক ফিল্ড’ নামে একটি ইটভাটা পুনরায় চালুর প্রস্তুতি চলছে। সম্প্রতি ইটভাটার জায়গায় সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে ফারুক হোসেন নামে এক ব্যক্তি ‘সোনালী ব্রিক ফিল্ড’ চালু করেন। পরবর্তীতে বিভিন্ন কারণে ইটভাটাটি বন্ধ হয়ে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। স্থানীয়দের দাবি, ইট বিক্রির জন্য দাদনে টাকা নেওয়া এবং ব্যাংক ও এনজিও থেকে ঋণ নেওয়া হয়েছিল। এসব অর্থ পরিশোধের বিষয়েও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রায় এক মাস ধরে ইটভাটাটি পুনরায় চালুর প্রস্তুতি চলছে। তাদের দাবি, ব্যাংকের ঋণ পরিশোধ না হওয়ায় ইটভাটাটি নিলামে বিক্রি হওয়ার পর স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নিলাম ক্রেতাদের কাছ থেকে এটি ভাড়া নিয়ে চালুর উদ্যোগ নিয়েছেন।
তবে ইটভাটাটি পুনরায় চালুর ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের অনুমোদনসহ প্রয়োজনীয় আইনগত অনুমোদন নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের আশঙ্কা, ইটভাটা চালু হলে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে ধোঁয়া ও বায়ুদূষণের কারণে জনস্বাস্থ্য ও কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা।
স্থানীয়রা ইটভাটাটি চালুর আগে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সরেজমিন পরিদর্শন এবং প্রয়োজনীয় অনুমোদন যাচাইয়ের দাবি জানিয়েছেন।
এদিকে, ইটভাটাটির পূর্বের মালিকের ঋণ ও দাদনের টাকা পরিশোধের বিষয়ে বর্তমান উদ্যোক্তাদের কাছে জানতে চাওয়া হলেও তারা সন্তোষজনক বক্তব্য না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। ব্যাংকের নিলাম প্রক্রিয়া ও বর্তমান মালিকানা/ভাড়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ অবস্থায় ‘সোনালী ব্রিক ফিল্ড’ পুনরায় চালুর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত বিষয়গুলো যথাযথভাবে যাচাই করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।