রাজশাহীর তানোরে জাল দলিল তৈরি করে দুই বোনের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে খারিজ করে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দুই বোন বাদী হয়ে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী ১। মোসাঃ আমেনা বিবি (৭৪), স্বামীঃ মৃত জমির উদ্দিন, সাং- কৃষ্ণপুর, ডাকঘরঃ কামারগাঁ, থানাঃ তানোর এবং ২। মোসাঃ মোমেনা বিবি (৫৮), স্বামীঃ মৃত কহির উদ্দিন মোল্লা, সাং- কুচড়া, থানাঃ নিয়ামতপুর, জেলাঃ নওগাঁ।

অভিযুক্তরা হলেন- তানোর উপজেলার মালশিরা গ্রামের ১। মোঃ হাসান আলী মোল্লা (৫৫), পিতাঃ জসিম উদ্দিন মোল্লা, ২। মোঃ মাসুদ রানা হিমেল মোল্লা (২৯) ও ৩। মোঃ সাওন আলী (২৭), উভয়ের পিতাঃ মোঃ হাসান আলী মোল্লা।

অভিযোগে বলা হয়েছে, বিবাদীরা পরস্পর যোগসাজশে ৩৫৩ নং জাল (ভুয়া) দলিল তৈরি করে বাদীদের পিতার ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি অবৈধভাবে খারিজ করে নিয়েছে। খারিজের বিবরণ- খতিয়ান নং- ২০২৬-১০০০০৪, দাগ নং- ১৫৪৮, পরিমাণ- ১৪ শতক, খারিজ কেস নং- ৬০০৪/৯-১/২০২৫-২০২৬, তারিখ- ০৮/০২/২০২৬ ইং। তফশীল: মৌজা- মালশিরা, জে.এল নং- ১৮৪, আরএস খতিয়ান- ১৫৩, আরএস দাগ- ১৫৪৮, রকম- বাড়ী, পরিমাণ- ২৮ শতাংশের কাত ১৪ শতক।

বাদীদের অভিযোগ, তাদের কোনো ভাই না থাকায় বিবাদীগণ ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে আসছে। জমিতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।