বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযান: চোলাইমদ-ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক
নিজস্ব প্রতিনিধি | মীর মো: রাকিব হাসান
বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ লিটার চোলাইমদ ও ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল অংশ নেয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— রুবেল মোল্লা (৩৬), পিতা মোঃ বারেক মোল্লা, ইয়ার্ড কলোনি; শ্রী বিষ্ণুদেব রায় (৭০), পিতা মৃত শ্রী রায়, সান্তাহার নতুন বাজার; এবং স্বপন রায় (৩৫), পিতা মৃত সুরেণ রায়, সান্তাহার ঘোড়াঘাট, আদমদীঘি, বগুড়া।
অভিযানকালে তাদের কাছ থেকে ৪ লিটার চোলাইমদ ও ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রুবেল মোল্লাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বিষ্ণুদেব রায় ও স্বপন রায়কে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তিনজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।