চেয়ারম্যান পদে বিজয়ী হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা মোহাম্মদ সুমনের
৪ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সুমন।
তিনি বলেন, একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে হলে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না; জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মোহাম্মদ সুমন বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ৪ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ গুরুত্ব দেব। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কর্মসূচি চালানো হবে।
এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা, মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ, রাস্তাঘাটের উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।
মোহাম্মদ সুমনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধির নেতৃত্বে সমন্বিত উদ্যোগের মাধ্যমে ৪ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।